নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৮

নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি দাবি করে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করছেন। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়াত রহমান আরাফাতের নির্দেশনা ও তত্ত্বাবধানে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মান্নান হৃদয়ের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর টার্ফের পাশের সড়ক থেকে মিছিল নিয়ে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওঠেন। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার ও লাঠি জব্দ করে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা ব্যানার ও লাঠি জব্দ করেছি। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’