চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধিভুক্ত সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচি পালন করেন শত শত কর্মচারী।
মহাখালীতে তিতুমীর কলেজের সামনের সড়কে ‘সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে কর্মচারীরা জানান, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ দিয়ে তাদের বেতন দেওয়া হয়।
কর্মচারীরা বলেন, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও তাদের চাকরির বিষয়টি এখনো অনিশ্চিত। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফলে কলেজগুলোর আয় কমেছে। এতে কর্মচারীদের বেতন পরিশোধে সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
তারা আরও জানান, গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, বিভিন্ন সময়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিও সরকারি কাঠামোর আওতায় এনেছে। তবে বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে গেছে। এতে কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি।
চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, তাদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ। তা সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন বলেন, তারা দীর্ঘ ১৮ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছেন। কিন্তু এখনো তাদের চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণ করা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সন্তানদের লেখাপড়ার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণ চালাতে গিয়ে তারা চরম সংকটে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ ছাড়াও ছাঁটাই বন্ধ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করা এবং চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানান। দ্রুত চার দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।