রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকরা এতে অংশ নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাবি প্রেসক্লাবের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান ধ্রুব।
তিনি বলেন, ‘এর আগেও কৃষ্ণ রায়ের ওপর ছাত্রলীগের হামলা, মারধর ও হত্যার হুমকির প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। গতকালও আমরা একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। হামলার আগে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি আরও বলেন, ‘হামলার পর সিসিটিভি ফুটেজ নিয়ে প্রায় দেড় ঘণ্টা হলের প্রক্টরের কাছে অবস্থান করেও কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। আমাদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তারা আবারও শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করতে পারে।’
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন বলেন, ‘জুলাইয়ের পর ক্যাম্পাসে এমন ঘটনার মুখোমুখি হতে হবে, তা আমরা আশা করিনি। সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত যথাযথ প্রক্রিয়ায় শাস্তির আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় সাংবাদিকরা জনগণের চোখ ও কান হিসেবে কাজ করেছেন। নতুন বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকতার পথ রুদ্ধ হলে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’
বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হক বকুল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে আমরা রাতেই তাদের দেখতে ছুটে যাই। সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের রক্তাক্ত হতে হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের আয়না। সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।
