সড়কের মাঝখানে খুঁটি!

বাংলাদেশে উন্নয়নকর্মকাণ্ডের এমন কিছু দৃশ্য দেখা যায়, যাহা আমাদের বিস্মিত করে। সড়ক সম্প্রসারণ করা হইতেছে, নির্মাণকাজও শেষ হইতেছে; কিন্তু সড়কের মাঝখানে ঠায় দাঁড়াইয়া থাকিতেছে বৈদ্যুতিক খুঁটি! এমনকি বৎসরের পর বৎসর সেই খুঁটি সরানো হইতেছে না। ফলে নূতন সড়ক নির্মাণ করিয়াও নিশ্চিত করা যাইতেছে না মানুষের চলাচলের নিরাপত্তা । প্রশ্ন হইল, সড়ক নির্মাণের সময় বিদ্যুতের খুঁটি সরাইবার ন্যায় একটি কর্ম নিশ্চিত করিবার দায় কাহার, কোন কর্তৃপক্ষের?
সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রায় পাঁচ কিলোমিটার কাঞ্চন-ডাঙ্গা সড়কের নির্মাণকাজ শেষ হইলেও শতাধিক বিদ্যুতের খুঁটি সরানো হয় নাই । ইহার মধ্যে ৪৬টি খুঁটি রহিয়াছে সড়কের একেবারে মাঝখানে । ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে তৈরি হইয়াছে প্রতিবন্ধকতা, বাড়িয়াছে দুর্ঘটনার ঝুঁকি । মাস তিনেক পূর্বে একই চিত্র দেখা গিয়াছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় । সেইখানে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৯০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করিবার কাজ চলিলেও সম্প্রসারিত অংশে বহাল তবিয়তে দাঁড়াইয়া ছিল বিদ্যুতের খুঁটি। অর্থাৎ, দুর্ঘটনা কমাইতে সড়ক সম্প্রসারণ করা হইলেও খোদ সেই সড়কেই তৈরি করা হইতেছে নূতন দুর্ঘটনার ঝুঁকি!

এমন ঘটনা অবশ্য এই প্রথম নহে। কোনো কোনো ক্ষেত্রে নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন খুঁটি সরানো হয় না। এক দপ্তর আরেক দপ্তরের ওপর দায় চাপায়; কিন্তু দিনশেষে ভোগান্তি পোহাইতে হয় সাধারণ মানুষকে। নারায়ণগঞ্জের উক্ত ঘটনায়ও দেখা গিয়াছে, সড়ক নির্মাণের শুরুতেই খুঁটি সরানোর জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করিয়াছিল । খুঁটি স্থানান্তরের ব্যয় নির্ধারণ করিয়া অর্থ জমা দিতেও বলা হয়; কিন্তু সেই অর্থ সময়মতো জমা না পড়ায় খুঁটি সরানো সম্ভব হয় নাই। অথচ ইহার পরও থামানো হয় নাই সড়কের নির্মাণকাজ এবং যাহার ফলে কাজ প্রায় শেষ হইলেও বিপজ্জনক অবস্থায় রহিয়া গিয়াছে বিদ্যুতের খুঁটিগুলি । ইহা কেবলই সমন্বয়হীনতার এক জ্বলন্ত ছবি!

উন্নত বিশ্বে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এই ধরনের জটিলতা এড়াইতে আগেভাগেই ‘সমন্বিত কর্মপরিকল্পনা' গ্রহণ করা হয়। সড়ক নির্মাণের পূর্বেই সংশ্লিষ্ট বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিযোগাযোগ সংস্থার সহিত আলোচনা এবং প্রয়োজনীয় খুঁটি বা স্থাপনা স্থানান্তরের ব্যবস্থা করিতে বলা হয় । প্রয়োজনে নির্মাণকাজ শুরুর পূর্বে পৃথক সমন্বয় সভা পর্যন্ত করা হয় । সেই সকল দেশে সড়ক খনন ও নির্মাণকাজের ক্ষেত্রে স্থানীয় সড়ক কর্তৃপক্ষ এবং সেবাদানকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাধ্যতামূলক।

কাজের অনুমতি, নির্ধারিত সময়সীমা এবং সড়ক পুনরুদ্ধারের বিষয়েও তাহারা সুনির্দিষ্ট বিধান করিয়া দিয়াছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করিলে জরিমানার ব্যবস্থাও রহিয়াছে । অর্থাৎ, উন্নত দেশসমূহে সমন্বয়কে কেবল সৌজন্য বা পারস্পরিক সহযোগিতার বিষয় মনে করা হয় না; বরং ইহাকে প্রকল্প বাস্তবায়নের অপরিহার্য শর্ত হিসাবে বিবেচনা করা হয় । আমাদেরও কি এই সংস্কৃতি গড়িয়া তোলা জরুরি নহে?

সড়ক নির্মাণের প্রকল্প অনুমোদনের পূর্বেই সংশ্লিষ্ট সকল সেবা সংস্থার সহিত সমন্বয় করিবার কথা। কোথায় বিদ্যুতের খুঁটি, গ্যাসের লাইন, পানির পাইপ কিংবা টেলিযোগাযোগের স্থাপনা রহিয়াছে, তাহা জরিপ করিয়া প্রয়োজনীয় স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করিবার কথা । স্থানান্তরের ব্যয় কে বহন করিবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করিতে হইবে, তাহাও পূর্বেই নির্ধারণ হইবার কথা; কিন্তু তাহা যেন এই রাষ্ট্রে অনুপস্থিত! তাহা না হইলে স্থানীয় সরকার অথবা অন্য কোনো বিভাগের নির্মিতব্য সড়কের মাঝখানে বিদ্যুৎ বিভাগের খুঁটি দাঁড়াইয়া থাকে কী করিয়া? এই ধরনের সমন্বয়হীনতা রীতিমতো দণ্ডনীয় অপরাধ হইবার কথা; কিন্তু সকল কিছুই যেন নির্বিকার চলিতেছে । সড়ক নির্মাণের উদ্দেশ্য কেবল প্রকল্প শেষ করা নহে; বরং নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ইহার মূল লক্ষ্য । এই ধরনের দায়িত্বহীনতার অবসান জরুরি।