ড্রেজিংয়ে নদীর গৌরব ফেরার আশা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০

নদী শুধু জলধারা নয়, সভ্যতার অন্যতম প্রধান বাহকও। তাই বিশ্বে নদী থাকা দেশগুলো ভাগ্যবান। প্রকৃতির এ দান তাদের জন্য গৌরবের। আর নদী না থাকা দেশগুলো দুর্ভাগা। বাংলাদেশ সেখানে অপার সম্ভাবনার কাতারে। কিন্তু, সম্ভাবনাকে কাজে লাগানোর চেয়ে হেলাফেলার আধিক্য। কখনো কখনো চরম বাজে অবস্থায় পড়লে তা কেবল আলোচনার খোরাক হয় মাত্র, কার্যকর কিছু হয় না।

অস্তিত্বের সব অবস্থাতেই পানি জীবনের উৎস ও বৃদ্ধির নিয়ামক। আর নদীর বৈশিষ্ট্য উদারতা। নদী নিজেকে স্রষ্টার সমুদয় সৃষ্টির জন্য বিলিয়ে দেয়। নদী-সাগরের তলদেশে হিরা-মুক্তোর অবস্থান। নদীকে কেন্দ্র করেই দেশে দেশে গড়ে উঠেছে মানুষের সভ্যতা। পানি মানেই অপার সম্ভাবনা। পানি সব সৃষ্টির ভিত্তিও। সব সংস্কৃতিতেই সৃষ্টির শুরুর সঙ্গে কোনো না কোনোভাবে পানির সম্পৃক্তা। সব ধর্মগ্রন্থেও নহর, পোয়ারাসহ জলধারার কথা রয়েছে। শুধু পৃথিবীতে নয়, পরকাল বা জান্নাতেও প্রবহমান নদীর সৌন্দর্য অনুভব করা যাবে বলে বয়ান রয়েছে। সেই নদীকেই দখল-দূষণে মেরে ফেলার দৃষ্টান্তও বিদ্যমান।

বহু নদীর নাব্য নষ্ট হয়ে মরণদশা। নদীর তলদেশে পলি, বালু ও অন্যান্য পদার্থ জমতে জমতে নদীর গভীরতা কমে গেছে। এতে নদীর স্বাভাবিক গতিপথও বাধাগ্রস্ত। বড় জাহাজ ও নৌযান চলাচল হচ্ছে ব্যাহত। যা কেবল কৃষি নয়, দেশের যোগাযোগ, বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলছে। বাংলাদেশের অনেক নৌবন্দর ও জেটি নদীপথের ওপর নির্ভরশীল। বিশেষ করে তেল, ডিজেল, অকটেন, কয়লা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি সামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে নদীপথে পরিবহন করা হয়। কিন্তু নদীর নাব্য কমে যাওয়ায় বড় জাহাজগুলো সহজে বন্দরে পৌঁছাতে পারছে না।

অনেক ক্ষেত্রে জাহাজকে আংশিক মালামাল খালাস করতে হয় অথবা বিকল্প ও ব্যয়বহুল পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। নদী ড্রেজিংয়ের মাধ্যমে নদীর তলদেশ থেকে অতিরিক্ত পলি ও বালু অপসারণের কথা অনেক দিন থেকেই আলোচিত। সময়ে সময়ে বিভিন্ন সরকারের সময়ই তা শোনানো হয়েছে। উচ্চাশা দেখানো হয়েছে। নদী ড্রেজিং কোনো বিলাসী বা অপ্রয়োজনীয় কাজ নয়; বরং এটি দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, নৌ- যোগাযোগ এবং নদী ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের বিভিন্ন নদীর ওপর গবেষণা এবং ড্রেজিং বিষয়ে সিদ্ধান্ত নিতে দেশি-বিদেশি এক্সপার্ট প্রতিষ্ঠান দিয়ে সমীক্ষা চালানো হয়েছে। কিন্তু, কাজ এগোয়নি। যদিও বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য নদী ড্রেজিং অত্যন্ত জরুরি। সরকার বিষয়টিতে সর্বোচ্চ অ্যাটেনশন দিয়েছে। সরকারের দেশে ৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়ার খবরটি মানুষকে আশাবাদী করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা বাড়ানোর আয়োজন অনেক দূর এগিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ১২ কোটি টাকা ও মূলধন খাতে ২০৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত অর্থবছরে প্রকল্পের অনুকূলে ৫৫৫ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা অর্থছাড় করা হয়। ঐ সময়ে ব্যয় হয়েছে ৩৫০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট, ফেরিঘাট, বন্দর ও নদীবন্দরগুলোর নাব্য রক্ষায় এসব ড্রেজার ব্যবহার করা যাবে। একই সঙ্গে নদীর নাব্য পুনরুদ্ধার, নৌপথের গভীরতা বজায় রাখা ও মৌসুমি নাব্যসংকট মোকাবিলায় বাড়তি সক্ষমতা কাজে আসবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তখন নদীর ব্যবহার, সৌন্দর্য নিশ্চিত সৌরভ ছড়াবে।

যদ্দুর জানা গেছে, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন E নাব্য সংরক্ষণ সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পের মাধ্যমে বিআইডব্লিউটির আধুনিক ড্রেজিং সক্ষমতা আরো বাড়ানো হবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল তৈরির বিষয়ও রয়েছে। প্রকল্পের প্রতিটি কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য দেশের প্রায় ১০০টি নদী খননের মাধ্যমে নৌপথের উন্নয়ন ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করা। তবে এ লক্ষ্য বাস্তবায়নে শুধু ড্রেজার সংগ্রহই নয়, বরং নিয়মিত খনন, খননকৃত মাটি ব্যবস্থাপনা, নদীর প্রবাহ পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের ধারাবাহিকতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

উদ্যোগটি বাস্তবায়নের মুখ দেখলে বিআইডব্লিউটির নিজস্ব ড্রেজিং সক্ষমতা বাড়বে। দেশের নৌপরিবহন খাত আরো শক্তিশালী হবে। আধুনিক ড্রেজার, সহায়ক জলযান ও প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত হলে নদী খনন ও পুনঃখনন কার্যক্রম আরো কার্যকর হবে। কাজটি এমন সময়ে শুরু হচ্ছে যখন জনসাধারণের জীবন ও জীবিকা, চলাচল ও যোগাযোগ, কৃষি ও শিল্প, পেশা ও নেশা, ব্যবসা ও বাণিজ্য নিয়ন্ত্রণ, গঠন, পরিবর্ধন ও বিস্তারে নদীর ভূমিকা কখনো দেখা যাবে কিনা, এ নিয়ে ছিল ঘোর সন্দেহ। আশা করাই যায়, নদীকে দখলমুক্ত করে ড্রেজিং বা খনন করে নাব্য ফিরিয়ে দেওয়া গেলে নদীবাহিত জীবনব্যবস্থা ধ্বংসের কবল থেকে রক্ষা পাবে। কাজটি অবশ্যই কঠিন। নদীগুলোর এ দশা এক দিনে হয়নি। নদী দখল-দূষণ বহুদিন ধরেই চলে আসছে। চলতে চলতে তা এখন চরম পর্যায়ে। স্বাধীনতার আগে বাংলাদেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার কিলোমিটার। পলি ও বালিতে ভরাট হয়ে সেই নৌপথ কমতে কমতে এখন ৪ হাজার কিলোমিটারেও নেই। এর চার ভাগের মাত্র এক ভাগ শুষ্ক মৌসুমে নৌ-চলাচল উপযোগী থাকে।

বালি একটি গুরুত্বপূর্ণ নির্মাণ উপাদান। বাংলাদেশের নির্মাণশিল্পে এর বিপুল চাহিদা রয়েছে। ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট-ব্রিজ কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজে বালির প্রয়োজন। নদীতে প্রাপ্ত বালির একটি বিশেষ সুবিধা রয়েছে, তাই এর দাম ও চাহিদা বেশি। নদীর বালিতে মিনারেল বা খনিজ লবণ কম থাকে বা মোটেও থাকে না। তাই নির্মাণকাজে এই বালি সিমেন্টের সঙ্গে বাধাহীন বিক্রিয়া করতে পারে। নির্মাণের পর কংক্রিট ও প্লাস্টার লাল হওয়াসহ বিভিন্ন বিকৃতি হতে রক্ষা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাছাড়া পলি-কাদা মিশ্রিত বালি, যা ভিটবালি নামে পরিচিত, তার ব্যবহার রয়েছে নিচু জমি ভরাট করে উঁচু করা ও রাস্তা সম্প্রসারণ কাজে। নদী ভরাটে শুধু বালি থাকে না। পলি, কাদা ও হিউমাসও থাকে। বালির মতো এই পলি, কাদা ও হিউমাসের বিশেষ ব্যবহার আছে। এই ব্যবহার বিষয়ে সঠিকভাবে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করলে নদী খনন অংশগ্রহণমূলক করা সম্ভব। সাধারণত নদীতে পলি, কাদা ও হিউমাস আসে বৃষ্টির পানির সঙ্গে ওয়াশআউট হয়ে।

নদীর আশপাশের ও উজানের ভূমি ক্ষয়ের ফলে গাছের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান ধৌত হয়ে নদীতে জমা হয়। তাছাড়া বিভিন্ন জৈবদ্রব্য পচনের ফলে হিউমাস তৈরি হয়, যা নদীর তলে জমে। এই জমা হওয়া পুষ্টি উপাদান নদীতে ইউট্রফিকেশন সৃষ্টি করে। ফলে নদীতে বিভিন্ন জলজ উদ্ভিদ ও আগাছা জন্মে এবং পর্যায়ক্রমে সময়ের ব্যবধানে নদী মজে যায়। এই প্রক্রিয়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে থাকে এবং নদী মরতে শুরু করে। এসব পুষ্টি উপাদানের বিশেষ ব্যবহার আছে কৃষিক্ষেত্রে। জমা পলি-কাদা কৃষিজমিতে প্রয়োগ করলে মাটির পানিধারণক্ষমতা বাড়ে এবং ভূমিক্ষয় রোধ হয়। হিউমাস হচ্ছে জৈবদ্রব্য, যা কৃষিজমিতে জৈবসারের ভূমিকা পালন করে। নদীর এই পলি, কাদা ও হিউমাস কৃষি জমিতে প্রয়োগ করলে জমির উৎপাদনশীলতা বাড়ে, পানি সেচ কম লাগে ও চাষ দেওয়ার পরিমাণ কমে যায়। প্রাকৃতিক লাঙল কেঁচোর বংশবিস্তারে সহায়তা করে। ফলস্বরূপ কৃষক ও দেশ লাভবান হতে পারে। নদীর পাড়ের গ্রাম ও জনপদগুলোর কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে তারাও নদী খননে এগিয়ে আসতে পারে। তা নদী ড্রেজিং প্রকল্পটিকে বাড়তি সৌন্দর্য দেবে।

ইত্তেফাক/এনএন