কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখিলে ভয় পায়। তৃতীয় বিশ্বের দেশসমূহের অবস্থা প্রবাদের ঘর পোড়া গরুর মতো। ইরান যুদ্ধ লইয়া নূতন করিয়া অস্থিরতা শুরু হইতেছে। যুদ্ধ শুরুর পর হইতে গত আট মাসে জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন এবং বাজারব্যবস্থায় যে অস্থিরতা তৈরি হইয়াছে, তাহার মূল্য দিতে হইতেছে বিশ্বের সাধারণ মানুষকে। কিছুদিন ধরিয়া পরিস্থিতির উন্নতির ক্ষীণ সম্ভাবনা দেখা দিলেও সম্প্রতি নূতন করিয়া যুদ্ধ সম্প্রসারণের আশঙ্কা দেখা দিয়াছে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিকট ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয় নিঃসন্দেহে মার্কিন রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নির্বাচনে ইরান যুদ্ধের অর্থনৈতিক অভিঘাত এবং জনমনে অসন্তোষ রিপাবলিকানদের বিপর্যয়ের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হইয়াছে; কিন্তু প্রশ্ন হইল, এই রাজনৈতিক বার্তা কি ট্রাম্প প্রশাসনকে ইরান প্রশ্নে সংযত করিবে, নাকি পরাজয়ের রাজনৈতিক ক্ষতি সামলাইতে প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান গ্রহণ করিবেন? সাম্প্রতিক ঘটনাবলি দ্বিতীয় আশঙ্কাটিকে একেবারে উড়াইয়া দেওয়ার সুযোগ রাখিতেছে না। গতকাল ৮ নভেম্বর প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বিস্তৃত হইতেছে। ইরানের সমুদ্রবন্দর অবরোধের পাশাপাশি দেশটির স্থলপথে বাণিজ্য ও সরবরাহব্যবস্থা ব্যাহত করিতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ গঠন করিয়াছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের সামরিক প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত পণ্য ও অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই ইহার ঘোষিত উদ্দেশ্য। মার্কিন দাবি, সমুদ্র অবরোধের ফলে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তৈল রপ্তানি বাধাগ্রস্ত হইয়াছে। অন্যদিকে, ওমান উপসাগরে অবরোধ অমান্য করিবার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করিয়াছে মার্কিন বাহিনী। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণাও চাপ বৃদ্ধির আরেকটি দৃষ্টান্ত।
এই দিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্রের পাল্লার উপর পূর্বঘোষিত সীমাবদ্ধতা প্রত্যাহারের কথা বলিয়াছে। হরমুজ প্রণালিতে একাধিক তৈলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গিয়াছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সহিত সৌদি আরবের সংঘাত পুনরায় তীব্র হইয়াছে। অর্থাৎ, সংঘাতের পরিধি ক্রমশ বিস্তৃত হইবার ঝুঁকি তৈরি হইতেছে। এই পরিস্থিতির সবচাইতে বিপজ্জনক দিক হইল, হরমুজ প্রণালির অনিশ্চয়তা। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা সৃষ্টি হইলে তৈলের সরবরাহ ও পরিবহন ব্যয় বাড়িবে। তাহার প্রভাব পড়িবে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, কৃষি, খাদ্যপণ্য পরিবহনসহ অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রে। উন্নত দেশসমূহ কিছুটা সামাল দিতে পারিলেও আমদানিনির্ভর দরিদ্র ও উন্নয়নশীল দেশসমূহের পক্ষে এই অভিঘাত মোকাবিলা করা কঠিন। মূল্যস্ফীতি বাড়িবে, মানুষের প্রকৃত আয় কমিবে, কর্মসংস্থান সংকুচিত হইবে। ইতিমধ্যে যুদ্ধের অর্থনৈতিক চাপকে কেন্দ্র করিয়া বিভিন্ন দেশে যে জন অসন্তোষ ও আন্দোলন দেখা গিয়াছে, তাহা আরও তীব্র হইতে পারে।
আশার কথা হইল, কূটনীতির পথ এখনো সম্পূর্ণ বন্ধ হয় নাই। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খসড়া প্রস্তাব ঘুরিতেছে। হরমুজ প্রণালি পুনরায় খুলিয়া দেওয়া এবং মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রশ্নে সমঝোতার সম্ভাবনাও আলোচনায় রহিয়াছে। রাশিয়াও কূটনৈতিক যোগাযোগে যুক্ত হইয়াছে; কিন্তু পারস্পরিক অবিশ্বাস, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরাপত্তার প্রশ্নে দুই পক্ষের অনমনীয়তা সমঝোতাকে কঠিন করিয়া তুলিতেছে। ট্রাম্পের সামনে এখন রাজনৈতিক ও কৌশলগত উভয় সংকট। মধ্যবর্তী নির্বাচনের ফল তাহাকে যুদ্ধের মূল্য সম্পর্কে সতর্কবার্তা দিয়াছে। অথচ সামরিক চাপ বাড়াইয়া কাঙ্ক্ষিত ফল অর্জনের নিশ্চয়তা নাই। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় সীমিত হামলাও বৃহত্তর যুদ্ধের সূত্রপাত করিতে পারে। ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের অবস্থানও পরিস্থিতিকে জটিল করিয়া তুলিতেছে।
বিশ্ববাসী আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ভার বহন করিবার মতো অবস্থায় নাই। শক্তির প্রদর্শন নহে, এখন প্রয়োজন সংযম ও কূটনৈতিক প্রজ্ঞা। অন্যথায় সামান্য একটি সামরিক সিদ্ধান্তই বিশ্ব অর্থনীতিকে আবারও অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলিয়া দিতে পারে।
