পুলিশের মামলার পর জানা গেল পলাতক সাবেক এমপি সিলেটে গোপনে সভা করেছেন

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার সিলেটের গোয়াইনঘাটে নেতা-কর্মীদের নিয়ে গোপন সভা করেছেন বলে জানিয়েছে পুলিশ। উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে গত ৮ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ নভেম্বর) এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, সীমান্ত পেরিয়ে প্রায় দুই বছর আগেই তিনি দেশ ছেড়েছেন। দীর্ঘদিন পর তার সিলেটে অবস্থান ও গোপন সভায় অংশ নেওয়ার খবর প্রকাশ্যে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

তবে রনজিত চন্দ্র সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে সিলেট জেলা পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। মামলার এজাহারে তাকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের করা মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। তাদের সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের নেতা-কর্মী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য আলী হোসেন এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া।

পুলিশের দাবি, গত ৮ নভেম্বর রাত আটটার দিকে গোয়াইনঘাটের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোপন সভা করেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে ওই সভা অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এজাহার অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে রিসোর্টটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সভায় অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণ করে সভার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযানে রিসোর্ট থেকে সভার একটি ব্যানার, সাতটি খালি মদের বোতল এবং এয়ারগানের গুলির মতো ৪০টি ধাতব বস্তু জব্দ করা হয়। ব্যানারে প্রধান অতিথি হিসেবে রনজিত চন্দ্র সরকারের নাম লেখা ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ অভিযোগে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ। এ ছাড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, গোয়াইনঘাটের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ এবং উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ রয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গোপন সভার ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রিসোর্ট থেকে গ্রেপ্তার হওয়া দুজনও রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে রনজিত চন্দ্র সরকার সভায় বক্তব্য দিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাকেসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিসোর্টটিও আপাতত তালাবদ্ধ করে রাখা হয়েছে।