কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও বর্তমান সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি এসব দেশকে নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন।

ভাষণে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক নেতাদের উদ্দেশে বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুত্ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত্ উত্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উত্পাদনেও উত্সাহ দেওয়া হচ্ছে। বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উত্সাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হচ্ছে—পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা উচিত। একই সঙ্গে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায়ও সহায়তা দিতে হবে। তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণের প্রয়োজন নেই। কারণ, ঋণ এসব দেশের বোঝা আরো বাড়িয়ে দেয়। বরং তাদের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে জোরালো সহযোগিতা।

এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে। এবং পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।

তিনি বলেন, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যত্ গড়ে তুলি। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার আন্তালিয়ায় কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের বিষয়ে জানতে চান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইত্তেফাক ডেস্ক :প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। গতকাল আন্তালিয়ায় কপ৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। একই সঙ্গে এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তত্পরতা আরো জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। সূত্র: বাসস

দেশের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।