প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বাংলাফ্যাক্ট’।
এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।
বর্তমানে প্রতিদিন তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও সচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
