চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে ছাত্রদল ও যুবদলের একটি মোটর সাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় মিছিলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এই ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া আকিবসহ অন্যান্য নেতাকর্মীরা অভিযোগ করেন, শনিবার বিকেলে তারা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে কিপাইত নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মিছিলের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মারধর করে। এতে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১২জন নেতাকর্মী আহত হন।
হামলায় আহত মঞ্জু অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে মাইকে ঘোষণা দিয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।
মিছিলে হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে 'ডাকাত' বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর দাবি করলেও ঘটনাস্থলে এখনো একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।