নদী বাঁচিলে বাঁচিবে সভ্যতা ও জনপদ

প্রাচীনকাল হইতেই নদীকে কেন্দ্র করিয়া মানবসভ্যতা বিকশিত হইয়াছে। জীবন, জীবিকা, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এই নদীসমূহ আমাদের জাতীয় অস্তিত্বের সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ পরিতাপের বিষয়, আজ আমাদের দেশের অসংখ্য নদী দখল, দূষণ ও চরম দুর্দশার শিকার হইয়া মৃতপ্রায় দশায় উপনীত হইয়াছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী কিংবা কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ নদীসমূহের পাড় ঘেঁষিয়া অবৈধ স্থাপনা নির্মাণ ও বর্জ্য নিক্ষেপের ফলে এই সকল নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হইয়া গিয়াছে। নদীসমূহ কেবল মানচিত্রের রেখা নহে, নদী বা পানিসম্পদ হইল আমাদের প্রাণশক্তি। নদীর বিনাশ মানেই আমাদের ভবিষ্যতের বিনাশ। ইহা আমাদের মর্মে মর্মে উপলব্ধি করিতে হইবে। এই জন্য নদনদী, খালবিল, জলাশয় প্রভৃতি রক্ষা করিয়াই আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করিতে হইবে।

নদীর ধারে শিল্পকারখানা গড়িয়া উঠিবে, ইহাই স্বাভাবিক এবং অর্থনৈতিক বিকাশের স্বার্থে ইহা প্রয়োজনীয়ও বটে। শিল্পোদ্যোক্তাগণ নদীর জলসম্পদ হইতে নানাভাবে উপকৃত হইতেছেন; কিন্তু প্রশ্ন হইল, যাহারা নদীর জলে জীবন ও ব্যবসার রসদ খুঁজিতেছেন, তাহারা কেন নির্দ্বিধায় সেই নদীকেই বিষাক্ত করিয়া তুলিতেছেন? উপকারীর অপকার কি করা যায়? নদীকে তিলে তিলে গলা টিপিয়া হত্যা করা হইবে কেন? নদী এক জীবন্ত সত্তা এবং ইহা এখন স্বীকৃত। তাহার প্রতি অবিচার আমরা কেন করিব? নদীদূষণের নেপথ্যে কলকারখানার অপরিশোধিত বর্জ্য অব্যবস্থাপনা অন্যতম প্রধান কারণ। অনেক কারখানায় এখনো বর্জ্য শোধনাগার বা ইটিপি (ETP) নাই অথবা থাকিলেও ব্যয় সাশ্রয়ের মানসিকতায় অনেক ক্ষেত্রে তাহা সচল রাখা হয় না। ফলে বিষাক্ত রাসায়নিক ও তরল বর্জ্য সরাসরি নদীতে পড়িয়া জলের বাস্তুতন্ত্র ধ্বংস করিতেছে, জাতীয় জীবনে যাহার নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। গুটি কয়েক শিল্পোদ্যোক্তাকে সুবিধা দিতে গিয়া জনগণ কেন তথাকথিত শিল্পোন্নয়নের বলি হইবে?

নদী দখল ও দূষণের ফলে মৎস্য সম্পদ ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হইতেছে। দেশীয় প্রজাতির অসংখ্য মাছ আজ বিলুপ্ত বা বিপন্ন প্রায়। মৎস্যজীবীগণ জীবিকা হারাইয়া দিনদিন নিঃস্ব হইতেছেন। জনগণও মিঠা পানিতে বাড়িয়া উঠা নিরাপদ ও প্রাকৃতিক মাছের স্বাদ গ্রহণ করিতে পারিতেছে না। জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র বিনষ্ট হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হইতেছে, যাহা কৃষি, নৌপরিবহন ও জনস্বাস্থ্যের উপর ফেলিতেছে বিরূপ প্রভাব। জাতীয় অর্থনীতিতে ইহার ক্ষতিকর প্রভাব সুস্পষ্ট। নদীর নাব্য হ্রাস, কৃষিজমিতে সেচসংকট, জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি এবং মৎস্য ও নৌ খাতের ক্ষতি সামগ্রিকভাবে জাতীয় প্রবৃদ্ধির গতিকে শ্লথ করিয়া দিতেছে।

এই সর্বনাশা অবস্থার জন্য কেবল রাষ্ট্র বা শিল্পমালিকগণকেই দায়ী করিলে আত্মবঞ্চনা করা হইবে। আমরা সাধারণ জনগণও অনেক ক্ষেত্রে কম দায়ী নই। আমরা নিজেরা যেমন নদী দখল-দূষণের বিরুদ্ধে সোচ্চার হইতেছি না, তেমনি একশ্রেণির বেকুব ও অপরিণামদর্শী মানুষ প্রতিনিয়ত গৃহস্থালির আবর্জনা, পলিথিন ও নানা বর্জ্য জাতীয় সম্পদ নদীতে ফেলিয়া ইহাকে দূষিত করিয়া চলিয়াছে। হাস্যকর ব্যাপার হইল, একদিকে আমরা নিজেরা নদী দূষণ করিতেছি, অন্যদিকে আবার দূষণ রোধ করিবার জন্য রাষ্ট্রের প্রতি চাপ সৃষ্টি করিতেছি; কিন্তু রাষ্ট্র কীভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করিবে? সরকারি অর্থ ব্যয় করিয়া নদী উদ্ধার ও দূষণ নিয়ন্ত্রণ করিতে হইলে সেই অর্থ তো আমাদের প্রদত্ত কর বা ট্যাক্স হইতে-অর্থাৎ প্রকারান্তরে আমাদেরই পকেট হইতে কাটা যাইবে। তাহা হইলে কী দাঁড়াইতেছে? আমরা নিজেরাই নদী দূষণ করিতেছি এবং আবার সেই দূষণ দূর করিবার ব্যয়ভারও বহন করিতেছি! ইহা কি আত্মঘাতী প্রবণতা নহে? ইহা যে নিজের পায়ে নিজে কুড়াল মারিবারই নামান্তর, তাহাতে কোনো সন্দেহ নাই।

এই সংকট হইতে উত্তরণে প্রশাসনের কঠোর, নিরপেক্ষ ও ধারাবাহিক পদক্ষেপ অপরিহার্য। নদী দখলদারদের পরিচয় নির্বিশেষে উচ্ছেদ অভিযান পরিচালনা করিতে হইবে এবং উদ্ধারকৃত জমি স্থায়ীভাবে দখলমুক্ত রাখিবার ব্যবস্থা করিতে নদীর পাড়ে যথাসম্ভব ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। যেই সকল কারখানায় ইটিপি নাই বা যাহারা বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি করিতেছে, তাহাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায় ও প্রয়োজনে কারখানা বন্ধের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। পাশাপাশি এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। তাহা হইলেই বাঁচিবে আমাদের নদী, বাঁচিবে আগামী প্রজন্ম।