২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি আছে কোচ ফিল সিমন্সের। তবে তার আগেই ক্যারিবীয়ান এই কোচের বিদায় হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সিমন্স খেলোয়াড়দের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। ফলে খেলোয়াড়রা সিমন্সকে বেশ হালকা ভাবে নেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, সিমন্সের মতো নরম-সরম নয়, টাইগারদের জন্য দরকার চণ্ডিকা হাথুরুসিংহের মতো কঠোর কোনো কোচ। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কোচিং হলো সব মিলিয়ে এক দর্শন...আমার কথা হলো একেক কোচের একেক ধরন। কঠোর থাকাটাও সমস্যা না আবার সিমন্স যেমন নরম-সরম এরকম থাকাটাও সমস্যা না। কিন্তু এটার সুবিধা-অসুবিধা কী সেটা হলো গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘চণ্ডিকার (হাথুরুসিংহে) কথা বলব, সবাই তাকে কড়া হেডমাস্টার বলেছে, অনেক রকমের টাইটেল দিয়েছে। আমি মনে করি চণ্ডিকার মতো কোচই বাংলাদেশের প্রয়োজন আসলে। কে কী বলল জানি না। আমি আমার ব্যক্তিগত দেখায় বললাম। আমি তাকে খুব কাছ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে দেখেছি।’