দৈনিক আমাদের বরিশাল পত্রিকা ও বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা করা হয়েছিলো। সে মামলায় তিনি জামিন লাভ করেছেন।
জানা গেছে, কিছুদিন আগে তাকে একটি মাদক মামলায় সম্পৃক্ত করে গৌরনদী থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক হাসান জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
মোল্লা ফারুক হাসানের পক্ষে আইনজীবী ছিলেন আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু।
অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ারের বিরুদ্ধে দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় গত ৭, ৯ ও ১০ জুলাই সাংবাদিক মোল্লা ফারুক হাসানের স্বনামে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হন ওসি গোলাম সরোয়ার। এর পর ওসির নির্দেশে গত ১৫ জুলাই রাতে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে একটি মামলা করেন।
এরপর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশে মামলা দায়েরের ১৮ ঘন্টা পর সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়।
আরও পড়ুন: পালিত বাবার ছুরিকাঘাতে প্রতিবন্ধী মেয়ের মৃত্যু
পরবর্তিতে গৌরনদী থানায় একটি মাদক মামলায় সাংবাদিক ফারুক হাসানকে আসামি করা হয়। গতকাল বুধবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারুক জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ আমিনুল ইসলাম জামিন মঞ্জুর করেন।
ইত্তেফাক/নূহু