রাজশাহীতে যৌন হয়রানি এবং দুর্নীতির মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে নগরীর কাটাখালি এবং জেলার মোহনপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালি পৌরসভার সাবেক মেয়র প্রার্থী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে কাটাখালি আদর্শ কলেজের এক ছাত্রী থানায় গিয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সিরাজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এজাহার দাখিল করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলায় রাতেই তাকে বাড়ি থেকে গ্রেফতার এবং শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
অন্যদিকে, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলোউদ্দিন আলোর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা রয়েছে। সম্প্রতি আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কেশরহাট পৌর এলাকার দর্শনপাড়া গ্রামের বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন মাস্টারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি