কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে শপিং ব্যাগে লুকায়িত ১৫ হাজার ৯শ' ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মৃত কবির আহমদের ছেলে সুলতানুল ইসলাম সুলতান (৩৯) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকার মো. ছব্বির আহমদের ছেলে মো. জয়নাল প্রকাশ জানে আলম (২০)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর উপ-পরিচালক মেজর মো. রবিউল ইসলাম জানান, খবর ছিল টেকনাফ থেকে একটি লেগুনাযোগে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার চালানসহ কক্সবাজার শহরে প্রকাশ করছে। এ সংবাদে র্যাব অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। এ সময় কমলা রংয়ের একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১৫ হাজার ৯শ' পিস ইয়াবা জব্দ করে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস