মোটরসাইকেলের ধাক্কায় আহত রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের ব্যবসায়ী সুসঙ্গ ভট্টাচার্য্য(৪৩) শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নিহতের বড় ভাই কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য্য জানান, তার ভাই শুক্রবার সন্ধ্যায় রাইখালী কৃষি ফার্ম এলাকায় হাঁটতে যান। এ সময় একটি মোটরসাইকেল তাকে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা এবং বুকে আঘাত পান। সাথে সাথে তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এ নিয়ে যাওয়া হলে আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে তিনি মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: ‘রাজহংস’ বিকেলে আসছে
এদিকে ব্যবসায়ী সুসঙ্গ ভট্টাচার্য্যরে অকাল মৃত্যুতে তার পরিবারসহ রাইখালী এবং কাপ্তাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তিনি কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি বাড়ীসহ অনেক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি স্ত্রী এবং ছোট ছোট দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
ইত্তেফাক/এমআরএম