যাত্রীবেশে বাসে ডাকাতি, এক ডাকাত আটক

চাঁদপুর-সিলেটের মধ্যে চলাচলকারী সততা পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাসের ৪৫ জন যাত্রীর প্রায় ১০ লাখ টাকার মালামাল ডাকাতি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ডাকাতদের আঘাতে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত আনোয়ার হোসেন (৫৫) নামে এক ডাকাত আটক করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

আটক আনোয়ার হবিগঞ্জ জেলার মাদবপুর উপজেলার হরেশপুর গ্রামের মৃত সরব আলীর ছেলে।তাকে শনিবার সকাল ১১টার দিকে বাসের যাত্রীরা চাঁদপুর মডেল থানা পুলিশে হস্তান্তর করেছে। 

সততা পরিবহনের সুপারভাইজর আব্দুল ওহাব বলেন, সিলেট থেকে রাত ১১টায় বাসটি ছাড়ে। অন্য যাত্রীদের সঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের সাতজন টিকিট কেটে যাত্রী হিসেবে বাসে ওঠে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বাসটি ওই স্থানে এলে চালকে তার আসন থেকে জোর করে তুলে দেওয়া হয়। পরে আটক হওয়া ডাকাত দলের সদস্য আনোয়ার হোসেন চালকের আসনে বসেন। ঠিক এই সময়ে তাদের সঙ্গে থাকা বাকি ৬ ডাকাত আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের মুখে সকল যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় তাদের হামলায় ৪-৫জন যাত্রী আহত হন। আহতদের সকলেই কুমিল্লার যাত্রী। এর মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় কুচাতলী হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: বেহাল দেশের বৃহৎ পর্যটন নগরীর সড়কগুলো

বাসের চালক সালাউদ্দিন বলেন, যখন ডাকাতির হচ্ছিলো, ঠিক ওই সময় বাসের পেছন থেকে একটি মাইক্রোবাস বার বার হরণ দিচ্ছিল। ডাকাতরা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মনে করে উজানিসা নামক স্থানে বাস থেকে দ্রুত লাফিয়ে পালায়। চালকের আসনে বসা আনোয়ার জানালা দিয়ে লাফিয়ে পড়লে তার পা ভেঙে যায়। পরে যাত্রীরা নেমে তাকে আটকে বাসে করে চাঁদপুরে নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, আমরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/অনি