ডেঙ্গু জ্বরে দুই গৃহবধূর মৃত্যু

রাজশাহী ও সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূর মৃত্যুর খরব পাওয়া গেছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক সময়ে ওই দুই গৃহবধূর মৃত্যু হয়। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ও অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জেলা শহরের রহমতগঞ্জ মহল্লার নূরুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী জানান, গত বধুবার সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ রওশন আরা খাতুন (৫৫) মারা গেছেন। রওশন আরা খাতুন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের মসলেম উদ্দিনের স্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস রওশন আরা খাতুনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ৭০ বছরের বৃদ্ধের বুকে প্রতিপক্ষের বল্লম

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রওশন আরা নিজ বাড়িতে বসবাসরত অবস্থায় এক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন। জ্বর নিয়ে তিনি প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে ১০ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। 

ইত্তেফাক/অনি