কিশোরগঞ্জে ইঞ্জিনচালিত যাত্রীবাহী ট্রলার ডুবে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার বর্শীকুড়া বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইটনা উপজেলার শিমলা-বর্শীকুড়া গ্রামের মো. রাজন মিয়ার স্ত্রী মোসাম্মৎ ইয়াসমিন (৩০) ও তার ছেলে ইয়াসিন মিয়া (৭), গন্ধবপুর গ্রামের জব্বার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৫৫)।
আরো পড়ুন: মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ
জানা গেছে, নৌকাটি তাড়াইল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে ইটনা উপজেলার ধারা যাচ্ছিল। যাত্রী নামানোর জন্য বর্শীকুড়া বাজার ঘাটে ভিড়ানোর সময় পাড়ে ধাক্কা লেগে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকার ছাউনির বাইরে থাকা লোকজন পানিতে লাফ দিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইয়াসমিন, ইয়াসিন আছিয়া নৌকায় আটকা পরে। পরে পানি থেকে নৌকাটি তুলে ছাউনির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে।
ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ তিনটি আত্মীয়স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ