ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে সম্প্রতি দিনের বেলায় চোরের উপদ্রব বেড়েছে। কর্মজীবী পরিবারের সদস্যরা দিনের বেলায় বাসায় না থাকার সুযোগে পৌর শহরে বেপরোয়া হয়ে উঠছে চোরের চক্রটি। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী।
সম্প্রতি পৌর শহরে দিনেদুপুরে কমপক্ষে ১১টি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র।
জানা গেছে, দিনের বেলা তালাবন্ধ ঘরেই চুরির ঘটনা ঘটছে।ভুক্তভোগীরা জানান, অহরহ চুরির ঘটনায় থানা পুলিশ নিজেদের দায় এড়াতে অধিকাংশ ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিকে আটক করে। কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন অভিযোগে ধরে আনা মানুষকে চুরির মামলায় আদালতে চালান করছে। এতে আসল চোররা পার পেয়ে যাচ্ছে।
ভুক্তভোগী মোকাব্বের হোসেন বলেন, তার বাসায় চুরির ঘটনায় মামলা হলেও থানা পুলিশ কাউকে গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
আরও পড়ুন: গভীর নলকূপে সংযোগ দিতে কর্তৃপক্ষের ‘অভ্যন্তরীণ জটিল সমস্যা’
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ সব ঘটনায় অনেক গুলো মামলা হয়েছে। কোনো আসামি ধরা পড়েনি। অন্যদিকে থানা পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেফতার করলেও চুরির মামলার কারণে আদালত থেকে রিমান্ড মঞ্জুর করে না। যে কারণে চোর শনাক্ত করা যায় না।
ইত্তেফাক/অনি