আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান সেনারা। কাবুলে বেশ কয়েকটি বৈদ্যুতিক পাইলের গোড়ায় বোমা ফাটিয়ে পাইলগুলো উড়িয়ে দেয়া হয়। এতে প্রায় পুরো কাবুল জুড়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে সংবাদসংস্থা খামা প্রেসকে নিশ্চিত করে দেশটির বিদ্যুত সরবরাহ বিভাগ।
এছাড়াও বাগলান প্রদেশের তিনটি বৈদ্যুতিক পাইলসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের বেশ কয়েকটি প্রদেশের বৈদ্যুতিক পাইল উড়িয়ে দেয় তালেবান।
দ্য আফগানিস্তান ব্রেশনা শেরকাত, সরকারি মালিকানাধীন একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, জঙ্গিরা বাগলানের বালাক মিরিজাদ হাসান তাল গ্রামের তিনটি বৈদ্যুতিক পাইল উড়িয়ে দেয়ায় পুরো গ্রাম ও তার আশেপাশের গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। পরে তারা বাগলানে দাঁদ-ই-শাহাবুদ্দিন এবং কুন্দুজে বুজ কান্দাহারিতেও বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে দেয়।
আরও পড়ুন : মিয়ানমারের সিমে ইন্টারনেট চালাচ্ছে রোহিঙ্গারা
উল্লেখ্য, পাকটিকায় আফগান-মার্কিন যৌথ বাহিনীর একটি হামলায় আজ রবিবার অন্তত ৯০ জন তালেবান যোদ্ধা নিহত হয়। এর ঘণ্টা খানেক পরই রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয় তালেবান যোদ্ধারা। যৌথ অভিযানের সাথে এ ঘটনার কোন সম্পৃক্ততা আছে কি না সে বিষয়ে কোন পক্ষ থেকেই এখনও বিবৃতি আসেনি।
ব্রেশনা শেরকাত এর কর্তৃপক্ষ জানায়, তাদের কর্মীরা বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপনের জন্য কাজ করছে।
ইত্তেফাক/কেআই