ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রায়পুরায় নানার বাড়িতে বেড়াতে এসে কাঁকন নদীতে ডুবে মীম (৮) ও ঋতু মণি (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের প্রবাসী মো. আতাউর মিয়ার সন্তান।

সোমবার বেলা সাড়ে ১২টায় রায়পুরা পৌরসভার তাত্তাকান্দা এলাকার কাঁকন নদীর পাগল নাথের ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই দুই শিশুর মা সোমবার সকালে সন্তানদের নিয়ে বাপের বাড়ি তাত্তাকান্দায় আসেন। পরে সন্তানদের বাড়িতে রেখে স্থানীয় রায়পুরা বাজারে ডাক্তারের নিকট চিকিৎসার জন্য যান। এদিকে দুই ভাই-বোন বাড়ির পাশে অবস্থিত কাঁকন নদীর পাড়ে হাটতে হাটতে চলে আসে। এক সময় তারা নদীর পানিতে নেমে পড়ে এবং দুজনই ডুবে মারা যায়। পরে স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

ইত্তেফাক/আরকেজি