হংকংয়ে শিশুদেরও ছাড় দিচ্ছে না পুলিশ

হংকংয়ে গণততন্ত্রপন্থীদের আন্দোলনে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির পুলিশ। এক্ষেত্রে শিশুদেরও ছাড় দিচ্ছে না তারা। শনিবার রাতে আন্দোলনের মধ্য থেকে ১৩ বছর বয়সী দুজন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মেয়েও আছেন। চীনের পতাকা পোঁড়ানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে রবিবার নিশ্চিত করে হংকং কর্তৃপক্ষ।  

এদিকে গণতন্ত্রের দাবিতে গত সাড়ে তিন মাস ধরে পুরো হংকং অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। প্রতিবাদস্বরূপ চীনের পতাকাসহ চাইনিজ জাতীয়তাবাদের অন্যান্য সব প্রতীক ধ্বংস করছেন তারা। রবিবার দেশের উত্তরাঞ্চলের একটি শপিং মলে ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। হংকংয়ের সাবওয়ে রেলগুলোতে ব্যাপক জ্বালাও-পোঁড়াও চালানো হয় শনিবার রাত থেকে। 

গত ২৪ ঘন্টায় দেশের বেশ কয়েকটি জায়গায় চীনের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করে গণতন্ত্রপন্থীরা। এসময় পুলিশের উপর ইটপাটকেল ও পটকা নিক্ষেপ করে তারা। পুলিশও আন্দোলনকারীদের উপর লাঠিচার্যসহ, টিয়ারশেল নিক্ষেপ করে। শত শত আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ও নির্যাতনের সময় অনেক ক্ষেত্রেই দেশের শিশু-কিশোর আইনও লংঘন করছে তারা। গত এক সপ্তাহে পুলিশের হাতে এ পর্যন্ত ১২ জন শিশুর গ্রেফতার ও নির্যাতনের খবর নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে।   

আরও পড়ুন : রাজশাহীতে টেন্ডারবাজ নেতারা আত্মগোপনে

উল্লেখ্য, গণতন্ত্র ও স্বায়ত্বশাসনের দাবিতে সাড়ে তিন মাস আগে রাস্তায় নামেন হংকংয়ের গণতন্ত্রপন্থী জনগণ। পরে তাদের এই আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। ব্যাপক আন্দোলনের মুখে প্রত্যার্পন নীতি তুলে নেয়ার অঙ্গীকার করে হংকং সরকার। কিন্তু গণতন্ত্রকামীরা 'এক দেশ, দুই নীতি'র দেশটিতে পরিপূর্ণ গণতন্ত্রের দাবিতে রাস্তায় রয়ে যান। তারা সম্পূর্ণ স্বায়ত্বশাসন ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধিশাসিত সরকারের দাবি তোলেন। তাদের এই দাবি মেনে নিতে গেলে হংকংয়ের উপর থেকে চীনের শাসন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। 

এমন পরিস্থিতিতে ১ অক্টোবর থেকে দেশটির চীনপন্থী সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই প্রশাসনিক ব্যবস্থার চরম অবনতি হতে থাকে চীনশাসিত আধা-স্বায়ত্বশাসনের দেশটিতে। গণতন্ত্রপন্থীরা মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘেরাও করে ব্যাপক ভাংচুর চালাতে থাকে। প্রতিবাদস্বরূপ তারা চীনা জাতীয়বাদের গুরুত্বপূর্ণ প্রতীকগুলোতে আগুন লাগিয়ে দেয়। 

হংকং পুলিশ জানায়, ১৩ বছরের ঐ দুজন শিশুকে চীনের পতাকা পোড়ানোর সাথে জড়িত সন্দেহে বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে রবিবার দুপুরে জামিনে ছাড়া হয়েছে। 

উল্লেখ্য, হংকংয়ের আইন অনুসারে ১৪ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়। ১০ বছরের বেশি বয়স্কদের কোন অপরাধের জন্য গ্রেফতার করা গেলেও ১৪ বছরের নিচে কাউকে কারাদন্ডের বিধান নেই দেশটিতে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

ইত্তেফাক/মিশু