কাশ্মীরের অবস্থা খুবই খারাপ: কংগ্রেস নেতা

কাশ্মীরের বর্তমান অবস্থা খুবই খারাপ। মঙ্গলবার কাশ্মীরে পৌঁছে এ কথা জানালেন কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবি আজাদ। সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর ৬ দিনের সফরে কাশ্মীরের গেছেন তিনি। 

৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর প্রথমবারের মত সেখানে গিয়েছেন আজাদ। শুক্রবার তিনি পৌঁছান শ্রীনগরে। এর আগে তিনবার তার কাশ্মীর সফরের প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রশাসনের বাধায় ফিরতে হয় শ্রীনগর বিমানবন্দর থেকে। 

সাংবাদিকরা তাকে কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে জবাবে তিনি জানান, অবস্থা খুবই খারাপ। 

নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আজাদ বলেন, এই মুহূর্তে সংবাদমাধ্যমকে কিছুই বলার নেই। ৪ দিন কাশ্মীরে কাটিয়েছি। জম্মুতে ২ দিন কাটাব বলে এখানে এসেছি। ৬ দিনের সফর শেষ হলে আমার যা বলার তা বলব।  

জম্মু-কাশ্মীর নিয়ে তার পর্যবেক্ষণ রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে কংগ্রেস নেতা বলেন, আমি এখানে থাকাকালীন উপত্যকার যে জায়গাগুলিতে যাব বলে ঠিক করেছিলেন, তার ১০% জায়গাতেও আমায় যাওয়ার অনুমতি দেয়নি প্রশাসন। জম্মু ও কাশ্মীরে বাক-স্বাধীনতার কোনও চিহ্ন নেই।

আরো পড়ুন: মোদি ‘ফাদার অব ইন্ডিয়া’: ট্রাম্প 

গত ১৬ সেপ্টেম্বর আজাদকে কাশ্মীর যাওয়ার অনুমতি দেয় ভারতের  শীর্ষ আদালত।

ইত্তেফাক/এসআর