ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে খবর প্রকাশ করেছে দ্য সানডে টাইমস। শার্লট এডওয়ার্ডস নামে পত্রিকাটির একজন কলামিস্ট একটি কলামে অভিযোগ করেন, ২০ বছর আগে সাংবাদিক থাকাকালীন বরিস তার একজন নারী সহকর্মীর শরীরে আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন।
শার্লট লিখেছেন, ১৯৯৯ সালে স্পেকটেটর নামক একটি ম্যাগাজিনে সম্পাদক হিসেবে কাজ করতেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। সে সময় সেই ম্যাগাজিনেরই একজন নারী সাংবাদিকের থাইয়ে (পায়ের রান) আপত্তিজনকভাবে হাত দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক টিভি ইন্টারভিউতে বরিসকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, 'না!'
ব্রেক্সিট ইস্যু নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই বেশ অস্বস্তিতে পার করছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। তাকে অভিশংসনের দাবিও উঠেছে ইতিমধ্যে। তার উপর নারী কেলেঙ্কারির মতো একটি স্পর্শকাতর বিষয়ে অভিযোগ তুলেছে দ্য সানডে টাইমসের মতো পত্রিকা।
আরও পড়ুন: ভারতীয় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার
ওই নারী এ বিষয়ে অভিযোগ করেছিলেন কি না কখনও, সে বিষয়ে জানতে চাওয়া হলে বরিস বলেন, 'আমি আগে যা বলেছি, এখনও তাই বলছি। আর আমার মনে হয়, জনগণ এসব শুনতে চায় না। তারা জানতে চায়, আমরা তাদের জন্য ও দেশের জন্য কি করছি।'
রয়টার্স
ইত্তেফাক/মিশু