মানবপাচার প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৭:১১

মানবপাচার প্রতিরোধে পুলিশের প্রাথমিক ব্যবস্থা গ্রহণকারী কর্মকর্তাদের জন্য একটি পাঁচদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউটে (এফটিআই) এই প্রশিক্ষণ দেওয়া হয়।

 

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশের কাউন্টার ট্রাফিকিং ইন পারসনস (বিসি/টিআইপি) কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র মানব-পাচার বিরোধী (টিআইপি) তদন্তের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের আয়োজন করে।

 

এফটিআই-এর সঙ্গে যৌথভাবে বিসি/টিআইপি কর্মসূচি মানবপাচার মামলার কার্যক্রমের সবচেয়ে ভালো চর্চা এবং অপরাধীদের বিরুদ্ধে পাচারের শিকার ব্যক্তিদের মামলা দায়েরে সহায়তা করতে একটি প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি করেছে। এটি তৃতীয় মানবপাচারবিরোধী তদন্ত প্রশিক্ষণ কোর্স। মানবপাচার কবলিত ২০ জেলার ২৩ জন পুলিশ কর্মকর্তা শ্রেণিকক্ষ ও পরিস্থিতি-ভিত্তিক প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন।  কর্মসূচিটি অর্থায়ন করছে ইউএসএআইডি এবং এটি বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও উইনরক ইন্টারন্যাশনাল।

 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএসএআইডি বাংলাদেশের মিশন পরিচালক ডেরিক ব্রাউন মানব পাচার রোধে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে থাকবে উন্নত তদন্তের জন্য প্রশিক্ষণ যা মামলার জোরালো কার্যক্রম এবং দ্রুত অভিযোগ দায়েরের পথ তৈরি করবে।

 

মিশন পরিচালক ব্রাউন বলেন, ‘বেশি সংখ্যক পাচারকারীকে কারাগারে পাঠাতে পারলে তা পাচারের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য আশা যোগাবে এবং সম্ভাব্য পাচারকারীদের কাছে একটা জোরালো সংকেত পাঠাবে যে, তারা ধরা পড়বে এবং অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে।’  

আরো পড়ুন : দেশে অত্যাধুনিক ব্লাডব্যাংক স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানবপাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (এনপিএ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। এই প্রচেষ্টার অংশ হিসেবে টিআইপি আশ্রয় কেন্দ্র এবং বিচার খাতে দক্ষতা উন্নয়নে বিসি/টিআইপি ৮০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছে।  

 

এই বছর যুক্তরাষ্ট্র সরকার পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশকে দ্বিতীয় সারির নজরদারি তালিকায় রেখেছে। জবরদস্তিমূলক শ্রম ও যৌন পাচারের শিকার পুরুষ, নারী ও শিশুদের ক্ষেত্রে বাংলাদেশ এখনও একটি উৎস, ট্রানজিট এবং গন্তব্য দেশ। মানব পাচার মামলার তদন্ত ও অভিযোগ কার্যক্রমের উন্নয়ন এ অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টা বৃদ্ধি করবে।

 

ইউএসএআইডি বাংলাদেশের কাউন্টার ট্রাফিকিং ইন পারসনস (বিসি/টিআইপি) কর্মসূচির অর্থায়নে যৌথভাবে আয়োজিত এই মানবপাচার বিরোধী তদন্ত প্রশিক্ষণ বাংলাদেশে মানবপাচার প্রতিরোধ এবং ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীকে রক্ষায় দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের বহু উদ্যোগের একটি।

 

ইত্তেফাক/ইউবি