প্রণব মুখার্জির মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২০:৪৭

ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এক শোকবার্তায় সিদ্দিক বলেন, ‘প্রণব মুখার্জি বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ চিন্তা করেছেন। অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে দৃঢ় করেছেন। 

আরও পড়ুন: কাঁঠালবাড়ী ফেরিঘাটে পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক যানবাহন

ঢাকা বিশ্ববিদ্যালের সমাবর্তনে প্রণব মুখার্জির অংশগ্রহণের স্মতিচারণ করে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভালো বন্ধু ছিলেন। ভারতের অর্থানুকূল্যে বেশকিছু প্রকল্প অনুমোদন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করেছেন। সমাবর্তন বক্তায় তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে যখন কথা বলছিলেন, তখন আমরা সেই একাত্তরে ফিরে গিয়েছিলাম।’  

তিনি বলেন, ‘এ ধরণের একজনের শান্তিপ্রিয় মানুষের মৃত্যু শুধু বাংলাদেশ ও ভারতের না, সারা পৃথিবীর জন্য ক্ষতি।’ তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ভারতের দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর করোনায় আক্রান্ত হয়ে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/এএএম