রফিক-উল হকের মৃত্যুতে আরেফিন সিদ্দিকের শোক

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২০:১৯

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,‘ ব্যারিস্টার রফিক-উল হক এক সময় বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা ছিলেন, তখন তিনি সরকারের কোন বেতন ভাতা ও সুযোগ-সুবিধা না নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি তার সকল অর্থ-সম্পদ, সঞ্চয় জনকল্যাণে ব্যয় করে গেছেন, সেটাও অনুকরণীয় দৃষ্টান্ত।’

তিনি বলেন, ‘তার মৃত্যু জাতির জন্য ও আইন অঙ্গনে শূন্যতা সৃষ্টি করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতি-রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর যে অবদান, সেটা যাতে আমরা সবসময় স্মরণ করি সেই কথা তিনি সবসময় বলেছেন।’  

আরও পড়ুন: চলে গেলেন আইনের বাতিঘর ব্যারিস্টার রফিক-উল হক

শোকবার্তায় আরেফিন সিদ্দিক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন। ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতা নিয়ে গত ১৫ অক্টোবর একই হাসপাতালে ভর্তি ছিলেন ব্যারিস্টার রফিক। এর মধ্যে তার স্ট্রোকও হয়েছিল। গত মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ইত্তেফাক/এএএম