বার কাউন্সিলের তালিকাভুক্তিকরণের লিখিত পরীক্ষা

বিশৃঙ্খল সৃষ্টি করা ৫ কেন্দ্রে পুনরায় পরীক্ষা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৩

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় ৫টি কেন্দ্রের পরীক্ষার্থীদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে। গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় গোলযোগ ও বিশৃঙ্খলা সংঘটিত হওয়ায় এইসব কেন্দ্রের বাতিল করা হয়েছে।

কেন্দ্রগুলো হচ্ছে, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এইসব কেন্দ্রের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা যত দ্রুত সম্ভব গ্রহণ করা হবে।

এছাড়া চারটি কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তা বহাল রাখা হয়েছে। এসব কেন্দ্র হচ্ছে, আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ। বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বস্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরীক্ষা বানচালের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে এনরোলমেন্ট কমিটি। 

এনরোলমেন্ট কমিটির এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম। 

আরো পড়ুন : বিশিষ্ট নাগরিকদের অভিযোগ ভিত্তিহীন-উদ্দেশ্যপ্রণোদিত 

বার কাউন্সিলের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৃহস্পতিবারের সভায় সর্বসম্মতিক্রমে ১৯ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে উপরোক্ত সিদ্ধান্তসহ অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে বলা হয়েছে, যে সকল উশৃঙ্খল পরীক্ষার্থী কেন্দ্রে গোলযোগ করে পরীক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ পরীক্ষা গ্রহণে বাধা প্রদান, সাধারণ পরীক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করে জোরপূর্বক তাদের উত্তরপত্র বিনষ্ট করা এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করার পাশাপাশি পরীক্ষা কেন্দ্র ভাঙচুর এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যম, (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাসমূহে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।


ইত্তেফাক/ইউবি