করোনা ভ্যাকসিন পেতে দেরি হবে না: স্বাস্থ্য সচিব

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৭:১০

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, জিটুজি কোন বিষয় না, করোনা ভ্যাকসিনের ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকারের শীর্ষ পর্যায় অবগত আছেন। তাই আশা করি ভ্যাকসিন পেতে দেরি হবে না।’ 

মঙ্গলবার (৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভ্যাকসিন জিটুজি (দুই সরকারের মধ্যে) পর্যায়ে নাকি বেসরকারিভাবে আসবে, সেটা কোন বিষয় নয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক বৈঠকে করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ভারতে সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রবিবার (৩ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। সিরাম ইনস্টিটিউটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এপি। রবিবার সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এপিকে বলেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যে ৫০ লাখ ডোজ টিকা পাবে বলে আশা করা হচ্ছে সেটি এই সেরাম ইনস্টিটিউটের কাছ থেকেই পাওয়ার কথা। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য অগ্রিম ৬০০ কোটি টাকাও সেরামের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এসআই