অক্সফোর্ড ভ্যাকসিন স্থগিত করেছে আয়ারল্যান্ড

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:১৫

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করেছে আয়ারল্যান্ড। আজ রবিবার (১৪ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনেলি। এ খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী টুইট বার্তায় বলেন, এটি সরকারের সতর্কতামূলক পদক্ষেপ।

নরওয়েতে টিকা প্রয়োগের পর বয়স্কদের শরীরে রক্ত জমাট বাঁধার মতো গুরুত্বর ঘটনা ঘটার প্রেক্ষিতে এ পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছে আইরিশ জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি (এনআইএসি)।

অবশ্য এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশে ক্রমবর্ধমান রক্ত জমাট বাঁধার সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই। এর আগে গত সপ্তাহে ডেনমার্ক, নরওয়ে ও ইতালিতে ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত করা হয়।

শনিবার রাতে নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সি থেকে নতুন তথ্য পাওয়া গেছে জানিয়ে আয়ারল্যান্ডের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ড. রোনান গ্লিন জানান, অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে টিকা প্রয়োগ স্থগিতের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

যাইহোক, সতর্কতামূলক নীতিতে কাজ করা এবং আরো তথ্যের প্রাপ্তিতে দেরি হওয়ার কারণে জাতীয় টিকাদান উপদেষ্টা কমিটি পরামর্শ দিয়েছে যেন আপাতত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। সে জন্যই এ পদক্ষেপ নেয়া হয়েছে, যোগ করেন তিনি।

আয়ারল্যান্ডে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে উত্তর আয়ারল্যান্ডেই দেয়া হয়েছে ৬০ হাজার। গত বছরের ডিসেম্বরেই দেশটিতে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়। বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশে সর্বপ্রথম টিকার অনুমোদন দেয়া হয় তার মধ্যে আইরিশরা অন্যতম।

ইত্তেফাক/টিএ