প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট: আইনজীবীকে তলব

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৩:৫৯

ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চাওয়ায় আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ৮ আগস্ট তাকে সশরীরে আপিল বিভাগে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপিল বিভাগের জোষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) এ আদেশ দেন। এই সময়ের মধ্যে ঐ আইনজীবী দেশের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

কোর্ট খোলা রাখা নিয়ে বুধবার প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে নিজ এফবি আইডিতে পোস্ট দেন আশরাফ। বিষয়টি আপিল বিভাগের দৃষ্টিতে আনেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, আইনজীবীকে তলব

এ পর্যায়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি যতো সিদ্ধান্ত নেই তা একা নেই না। সিনিয়র জাজদের সঙ্গে আলাপ করে নেই। গতবার প্রথম যখন কোর্ট খুলেছি তখন আমার সমালোচনা করেছে আইনজীবীরা। সেই কোর্ট খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে বারের সভাপতি ও সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। এরপর সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে কোর্ট খোলা রেখেছি।’

বিচারপতি ইমান আলী বলেন, ‘এই বারের আইনজীবী হয়ে ফেসবুকে এ ধরনের পোস্ট ভেরি আন ফরচুনেট।’ 

বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, ‘চিফ জাস্টিস -এর পদ কোনো পলিটিকাল পোস্ট নয়। যে তাকে নিয়ে এভাবে পোস্ট দেবে।’ 

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘চিফ জাস্টিস তো একটা প্রতিষ্ঠানের নাম। এভাবে পোস্ট দেওয়া মানে প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা।’ 

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে পোস্ট : আইনজীবীকে তলব

ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘এফবিতে এভাবে পোস্ট দেওয়া দুভার্গ্যজনক। আইনজীবী হিসাবে কী বিষয়ে পোস্ট দেওয়া যাবে বা যাবে না সেটা না জানলে ডিজিটাল আইনের মামলায় তিনি কিভাবে মক্কেলকে আইনি সহায়তা দেবেন।’

পরে ঐ আইনজীবীকে তলবের আদেশ দেওয়া হয়।পাশাপাশি তার এ সংক্রান্ত পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ইত্তেফাক/কেকে