এসকে সিনহার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার প্রতিবেদন ২৩ নভেম্বর

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:২২

ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (১০ অক্টোবর) সকালে দুদকের আদালত নিবন্ধন শাখা থেকে বিষয়টি জানা গেছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে ৭ অক্টোবর বিকেলে মামলার এজাহার আসে। আদালত তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন।

এর আগে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করেন। মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরা আবাসিক এলাকায় রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতারণার আশ্রয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজউক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করান এবং তিন কাঠার একটি প্লট বরাদ্দ করান। পরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই তিন কাঠার প্লটটি পাঁচ কাঠার প্লটে উন্নীত করান।

রাজধানী পূর্বাচল থেকে প্লট স্থানান্তর করে উত্তরার সেক্টর-৪, রোড নং-৬, বাড়ি নং-১/এ প্লটটি রাজউক থেকে অনুমোদন করান। সুরেন্দ্র কুমার সিনহা নিজেই প্লটের ৭৫ লাখ টাকা পরিশোধ করে প্লটে ৯ তলা ভবন নির্মাণ করেন।

ইত্তেফাক/কেকে