কুমিল্লায় হত্যা মামলায় দুই নারীসহ ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় দুই নারীসহ ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী বুধবার দুপুরে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ অক্টোবর চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের হাবিবুর রহমান মাস্টার জমি সংক্রান্ত বিরোধে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনার পর দিন নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে আদালত ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলাটি চলমান অবস্থায় আসামিদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

বুধবার এ মামলায় আদালত ৫ আসামিকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাসিনা বেগম ও নাজনিন আক্তার আদালতে উপস্থিত ছিলেন। অপর ৩জন সাজাপ্রাপ্ত ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান ও শাহ আলম পলাতক রয়েছেন।

আরও পড়ুন: তামাক নিয়ন্ত্রণ আইন পাশ কাটিয়ে কেউ যাতে কিছু না করতে পারে: তথ্যমন্ত্রী

ইত্তেফাক/এমআই