এক নারী হত্যা মামলার বিচার ১৮০ কার্যদিবসে শেষ করতে না পারার ব্যাখ্যা না দেওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, পিপি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছে হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল তাদেরকে ওই শোকজের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
স্ত্রী রেহেনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মূর্তজা ওরফে মিন্টুকে আসামি করে ২০১৬ সালের ২৪ এপ্রিল মামলা করা হয়। ওই মামলায় ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ৩০ জুন এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিল ও অভিযোগ গঠনের পর আজ পর্যন্ত মামলাটির বিচার শেষ করতে পারেনি ট্রাইব্যুনাল। এ কারনে হাইকোর্টে মিন্টুর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. শহীদুল ইসলাম।
আরো পড়ুন: ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসা নেবেন না’
ওই জামিনের শুনানিকালে আসামির আইনজীবী বলেন, বিচার শেষ না হওয়ায় আসামি চার বছর ধরে কারাগারে আছেন। এ কারণে তিনি জামিন পাওয়ার হকদার। তখন আদালত নথি পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনানুযায়ী ১৮০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করতে হবে। কিন্তু এ সময়ের মধ্যে না পারলে ট্রাইব্যুনালের বিচারককে হাইকোর্টের কাছে ব্যাখ্যা দেওয়ার কথা আইনে বলা আছে। কিন্তু তিনি কোন ব্যাখ্যা দেননি। এছাড়া পিপি ও তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার কথা বলা আছে। ফলে কেন এই মামলার বিচার শেষ করতে পারেননি তার ব্যাখ্যা চেয়ে তাদেরকে শোকজ করা হলো। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই

