অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিরি’আ  

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৩:৪৬

চীনের পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সোমবার রাতে গোটা দেশেই জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। যার ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে দেশটির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি’আও।


গত সোমবার রাতে দেশটির প্রধানমন্ত্রী জিওসেপ্পে কন্তে লিগ স্থগিত করার ঘোষণাটি দেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের আক্রমণে ৪৬৩ জন মানুষ মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন ৯১৭২ জন। এতদিন কেবল উত্তর ইতালিতে জরুরি সেবা কর্মসূচি ছাড়া সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ছিল, এখন পুরো দেশেই এ আদেশ জারি করেছে দেশটির সরকার।

স্থগিতাদেশের আগে সিরি’আর বেশ কিছু ম্যাচ হয়েছিল দর্শকহীন মাঠে, যাতে অন্তর্ভুক্ত ছিল ইতালিয়ান ডার্বি জুভেন্তাস ও ইন্টারের মধ্যকার ম্যাচটিও। স্টেডিয়ামে যাওয়া গণমাধ্যম কর্মীদেরও মাঠে ঢুকতে হতো বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পর। কিন্তু নতুন নিষেধাজ্ঞার কারণে সব ধরনের টুর্নামেন্ট স্থগিতই ঘোষণা করতে হচ্ছে দেশটিকে।

আরো পড়ুন : আট অর্থপাচারকারীর তালিকা ইন্টারপোলে

কন্তে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আর সময় নেই। সংখ্যাগুলো বলছে সংক্রমণ, নিবিড় পরিচর্যা ও মৃত্যুতে হারটা আশঙ্কাজনকহারে বাড়ছে। আমাদের অভ্যাস বদলাতে হবে। ইতালির কল্যাণের জন্য আমাদের কিছু কিছু ব্যাপার ত্যাগ করতে হবে। এ কারণে আমরা আরো কিছু কঠিন পদক্ষেপ হাতে নেব।’

করোনার ছোবল পড়েছে ইউরোপীয় প্রতিযোগিতায়ও। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের বেশ কিছু ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। যার ফলে আগামী সপ্তাহে পিএসজি-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে থাকবে না কোনো সমর্থকের উপস্থিতি। সেভিয়া-রোমা, অলিম্পিয়াকোস-উলভারহ্যাম্পটন ও ভ্যালেন্সিয়া-আতালান্তা ম্যাচও একই পরিণতি বরণ করতে যাচ্ছে।

ইত্তেফাক/এসি