করোনা সংক্রমণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লকডাউন! 

আপডেট : ২০ মে ২০২০, ২২:৪০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ মোট ১১ জন কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ মে অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রথম করোনায় আক্রান্ত হন। 

এরপর প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছাড়াও উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী, তাহমিনা বেগম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা, মাহমুদা আক্তার, মহাপরিচালকের গাড়ি চালক সোহেল আহমেদ, গাড়িচালক মিলিয়া খানম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশংকা করা হচ্ছে, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।

দু’একদিনের মধ্যে সবার করোনা টেস্টের রেজাল্ট দিলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে কর্মকর্তা-কর্মচারীদের করোনা সংক্রমণের ফলে প্রতিষ্ঠানটি রীতিমতো লকডাউন হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই বাজার অভিযান কার্যত বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক অধিদফতরের একজন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, প্রতিষ্ঠানটির মহাপরিচালকসহ অনেক কর্মকর্তাই করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে আমরা বিপদের মধ্যে আছি। 

আরো পড়ুন: সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে আম্ফান

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোক্তা অধিকার অফিসিয়ালি লকডাউন করা হয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। অফিস খুলবে ২৭ মে। 

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি থাকলেও এ সময় নিত্যপণ্যের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে না পারে এজন্য বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়। ফলে রমজানের মধ্যেও তারা নিয়মিত বাজার মনিটরিং করেন। ধারণা করা হচ্ছে, এসময়ই তারা কোন না কোনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/বিএএফ