সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:০৪

সড়ক দুর্ঘটনা কমানো ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা), নোয়াখালীর সাধারণ সম্পাদক শাকিল এবং জিটিভির জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সেমিনারে ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপার, গণপরিবহনে চলাচলের সময় করণীয়সহ সড়ক নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ।

অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। বিআরটিএ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম বছরব্যাপী অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এএইচপি