পর্যটন উদ্যোক্তা ডালিমের পর এবার করোনার শিকার হলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে সঙ্গে থাকা তার স্ত্রীর ভাই জয়নাল আবেদীন সাংবাদিক মোনায়েম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে। তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার, নিউ এজ, ডেইলি সান পত্রিকার পর মৃত্যুকালীন ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া তিনি কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক কক্সবাজার, আজকের দেশ-বিদেশ, দৈনিক বাঁকখালী, দৈনিক দৈনন্দিনসহ একাধিক পত্রিকায় নানা পদে দায়িত্বপালন করেছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র সিনিয়র সদস্য।
আরো পড়ুন : করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে আনা হলো ঢাকায়
তার পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক আবদুল মোনায়েম খান গত মে মাসের মাঝামাঝি থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। তার ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনও অসুস্থ হওয়ায় ৩০ মে পিতা-পুত্রের করোনা স্যাম্পল টেস্টে দেয়া হয়। গত ৩১ মে আবদুল মোনায়েম খান ও তার ছেলে মোহাইমেনের করোনা ‘পজেটিভ’ রিপোর্ট আসে। ১ জুন রাতে আবদুল মোনায়েম খানকে উখিয়া এনজিও পরিচালিত আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিলো। সেখানে শুক্রবার তার শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়। কিন্তু শনিবার দিবাগত রাতে মোনায়েম খানের অবস্থার অবনতি হয়। রবিবার তাকে আইসিইউতে নেয়া হয়। আইসিইউ-তে নেয়ার পরই তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
