খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত দু’জন হলেন-খুলনা মহানগরীর টুটুপাড়া শঙ্করপাড়া রোডের মৃত মতিউর রহমানের ছেলে মুজিবুর রহমান (৬২) ও জোড়াগেট এলাকার মৃত হাফেজ আলীর ছেলে সরোয়ার হোসেন (৫০)।
এর আগে বুধবার দিবাগত রাতে করোনা উপসর্গে খুলনা জিলা স্কুলের শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ (৪০), বাগরামা এলাকার সোহরাব শেখের ছেলে হারুন শেখ (৫৫) ও রায়েরমহলের আবু বক্কর সিদ্দিকের ছেলে বাবু (৪৫) মারা যান। এ নিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত খুলনায় পাঁচজনের মৃত্যু হলো।
আরো পড়ুন: করোনা থেকে বাঁচতে আমাজনের আরো গভীরে পালাচ্ছেন আদিবাসীরা
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, তিনদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুজিবুর রহমান গত বুধবার রাত ১২টায় মুজিবুর রহমান খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌঁনে ১১টায় তার মৃত্যু হয়। অপরদিকে, তিন-চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি নিয়ে সোয়া হোসেন বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টায় তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানর রহমান।
উল্লেখ্য, এর আগে গত বুধবার খুলনায় করোনা উপসর্গে দু’জন ও করোনা আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়।
ইত্তেফাক/এএএম
