সাকিবকে হারিয়ে বাংলাদেশের বড় বিপর্যয়

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:৪৭

৩১৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে বাংলাদেশ। দলীয় ১৫৪ রানের মাথায় শাহিন শাহ আফ্রিদির তৃতীয় শিকার হয়েছেন সাকিব আল হাসান। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৭ রান। হাতে আছে চার উইকেট।​

এর আগে আজ শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ইমাম উল হকের ১০০ ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে ভর করে ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২৩ রানের মাথায় হারায় ফখর জামানকে। ব্যক্তিগত ১৩ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন তিনি। পরে বাবর আজম ও ইমাম উল হক ১৫৭ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান সুবিধাজনক অবস্থানে। ব্যক্তিগত ৯৬ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে দুইবার জীবন পান বাবর আজম। দলীয় ২৪৬ রানের মাথায় পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন হয়। মুস্তাফিজুর রহমানের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ১০০ রানের ইনিংস খেলা উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম উল হক। দলীয় স্কোর ২৫৫ রানে যেতেই পাকিস্তান হারায় আরো দুই ব্যাটসম্যান। পরপর আউট হন মোহাম্মদ হাফিজ ও হারিছ সোহেল। পুরো ইনিংসে এখানেই কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

প্রায় অসম্ভব এক সমীকরণে নিউজিল্যান্ডকে পেছনে ফেলার সুযোগ পাকিস্তানের সামনে থাকলেও কোনো আশা নেই বাংলাদেশের। এই ম্যাচটি মূলত পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থাকার লড়াই।