বোদায় পাটের সুদিন, কৃষকের মুখে হাসি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৬:৩৬

পঞ্চগড়ের বোদায় এবার পাট চাষীদের মুখে হাসি ফুটেছে। বিগত কয়েক বছরের মধ্যে এবার উপজেলায় পাটের দাম সর্বোচ্চ। বোদাসহ পঞ্চগড় জেলার স্থানীয় হাট বাজারগুলোতে প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার তিনশ টাকা দরে পাট বিক্রি হচ্ছে। চলতি বছরে বন্যায় উপজেলায় পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরন না হলেও উৎপাদিত পাটেন দাম পেয়ে পাট চাষীরা খুশি।
 
শনিবার বোদা নগরকুমারী হাটে পাট বিক্রি করতে আসা পাট চাষী জয়নুল জানান, অন্য বছরের তুলনায় এবার পাট চাষ করে লাভবান হয়েছি। আগের বছরগুলোর এক হাজার থেকে এক হাজার দুইশত টাকার ওপর বাজারে পাট বিক্রি করতে পারতেন না। তবে এবার দাম ভালো। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২০০ হেক্টর। 

আরও পড়ুন: রংপুর অঞ্চলে বন্যায় কৃষিতে ক্ষতি ১৭৩ কোটি টাকা, প্রণোদনার উদ্যোগ সরকারের

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ জানান, উপজেলার ১০টি ইউনিয়নের সব জায়গায় কমবেশি পাট চাষ করা হয়েছে। তবে চলতি মৌসুমের এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় পাটের বাম্পার ফলন একটু ব্যাহত হয়েছে। পাটের দাম বৃদ্ধির ব্যাপারে এ কর্মকর্তা বলেন, বিগত দুই তিন বছর কাঁচাপাটের রপ্তানি বন্ধ ছিল। বর্তমানে কাঁচাপাটের রপ্তানির প্রতিবন্ধকতা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছেন। ফলে কৃষক পাট চাষে আগ্রহী হবেন। আশা করি আবারও ফিরে আসবে পাটের সেই সুদিন। 

ইত্তেফাক/এসি