এসডিএস এবং ডাটা সফটের নেক্সট-জেনএগ্রি-ট্রেসার কার্যক্রম চালু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২৩:৩১

'ইকোলোজিক্যাল ফার্মিং পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে চরাঞ্চলে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ' প্রকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর সাথে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড (ডাটাসফট) একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংস্থাটি বাংলাদেশে স্থানীয় কৃষি উদ্যোক্তাদের আইওটি (ইন্টারনেট অফ থিংস) ভিত্তিক কৃষি-প্রযুক্তি বৃদ্ধিতে সহযোগিতা করবে।

কোভিড -১৯ মহামারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভার্চুয়াল বৈঠকে অনলাইনে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাটাসফট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ চৌধুরী এবং এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ডাটাসফট এর সিওও মনজুর মাহমুদ, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) ও প্রকল্প সমন্বয়ক, পিএসিই প্রকল্প, পিকেএসএফ এবং মোজিবুর রহমান, প্রাক্তন নির্বাহী পরিচালক, এসডিএস অন্যদিকে পিকেএসএফ, এসডিএস এবং ডাটাসফট এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) অর্থায়নে Promoting Agricultural Commercialization and Enterprises (PACE) প্রকল্পের আওতায় উৎপাদিত ইকোলোজিক্যাল কৃষি পণ্য বাজারজাতকরণে Geo Fencing সহযোগে ট্রেসিবিলিটি নিশ্চিতকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগে সরবরাহ শৃঙ্খল (AI based smart supply chain) সৃষ্টির লক্ষ্যে কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। —প্রেস বিজ্ঞপ্তি