কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৭:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন সকাল ১০টা থেকে ‘এ’ ইউনিটের এবং বিকাল ৩টা থেকে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এর পরদিন শনিবার সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৮ টি কেন্দ্রে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভর্তি পরীক্ষা কমিটির বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিরাপত্তার স্বার্থে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হবে। কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে তালিকাভুক্ত সংশ্লিষ্ট বিশেষ দায়িত্বরত ব্যক্তি ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের মূল ফটক দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তাদের তল্লাশি করা হবে। 

আরও পড়ুন: পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে মানিক

এছাড়াও কেন্দ্র ও বাহিরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি এবং রোভার স্কাউট নিয়োজিত থাকবে। পরীক্ষার্থীকে অবশ্যই এসএসসি,এইচএসসি,সমমানের মূল রেজিস্ট্রেশন কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ডাউনলোডকৃত প্রবেশপত্রের ২ টি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, এবার ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। 

ইত্তেফাক/এএএম