এই প্রজন্মের কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম নিশীতা বড়ুয়ার প্রথম কোটি ভিউ হওয়া গান হচ্ছে ‘হিয়া’। গানটি গীতিকার ও সুরকার ছিলেন জাহাঙ্গীর রানা এবং সঙ্গীতায়োজন করেছেন শান। একই গীতিকার, সুরকার অর্থাৎ জাহাঙ্গীর রানার আরো একটি নতুন গান গেয়েছেন নিশীতা বড়ুয়া। গানের শিরোনাম ‘মন ভালো না’। গানটির সঙ্গীতায়োজনে এবার আছেন আকাশ মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

‘মন ভালো না’ গানটি প্রসঙ্গে নিশীতা বলেন,‘ প্রায় দশ মাস ধরে গানটি নানান কারণে করা হয়ে উঠছিল না। জাহাঙ্গীর রানা ভাই এবং আকাশ অনেক ধৈর্য্য নিয়ে অপেক্ষা করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত কাজটি শেষ হলো। সবার গানটি ভালোলাগলেই কাজটি স্বার্থকতা পাবে। কারণ, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। ’

হিয়া, মন ভালো না ছাড়াও একই গীতিকারের তুমি আমি, মা ও এমন একদিন আসবে গানগুলোও গেয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নিশীতা বড়ুয়া। সবগুলো গানেরও সুর করেছেন জাহাঙ্গীর রানা। নিশীতার সর্বশেষ মৌলিক প্রকাশিত গান হচ্ছে ‘মনের দুঃখ’। গানটি লিখেছেন আব্দুল মুকিত, সুর করেছেন এস কে শানু এবং সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।

এদিকে গেলো শোক দিবসে নিশীতার কন্ঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাওয়া ‘রক্তমাখা সিড়ি’ গানটিও বেশ প্রশংসিত হচ্ছে। গানটি লিখেছেন সুজন হাজং, সুর করেছেন সুমন কল্যাণ। এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তারিন। এছাড়াও নারী দিবসে অধরা জাহানের কথা ও আলম আরা মিনুর সুরে ‘শোনা পৃথিবী শোনো’ গানটিও ছিলো নিশীতার এই বছরের অন্যতম একটি কাজ।
ইত্তেফাক/আরএম

