একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে উপজেলা নির্বাচন সম্পন্ন করতে কর্মকর্তাদের একই ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার (৩০ জানুয়ারি) সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক একটি প্রশিক্ষণশালার উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন।
তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে উপজেলা নির্বাচনের কাঠামোগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। স্থানীয়ভাবে হওয়ায় নির্বাচনগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সংসদ নির্বাচন পরিচালনায় আপনাদের ভূমিকা স্বচ্ছ, নিরপেক্ষ, দৃঢ় ছিল। উপজেলা নির্বাচনেও সেরকম স্বচ্ছ, নিরপেক্ষ হতে হবে'।
এ সময় একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে কিছু ভুল-ত্রুটি থাকার কথা স্বীকার করে সিইসি বলেন, 'দুর্ভাগ্যজনক হলেও সত্য, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। ইভিএমের ওপরে আস্থা, বিশ্বাস নানা কারণে একথা বারবার বলেছি। ইভিএম নতুন একটা পদ্ধতি। তাই কোথাও কোথাও কোনো ভুলভ্রান্তি হলে মানুষের মধ্যে আস্থার সঙ্কট সৃষ্টি হয়'।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর মর্গে পাওয়া গেলো সৌদি প্রবাসীর লাশ
সিইসি বলেন, 'আমরা বলেছিলাম এটা এমন একটা সিস্টেম যে, আধঘন্টা কিংবা একঘন্টার মধ্যে ভোটের ফল জনগণের কাছে তুলে দেবো। আমরা সেটি পারিনি। কেন পারিনি সেই কারণগুলো নির্ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কী ভুল ছিল সেগুলো শনাক্ত করতে হবে, সংশোধন করতে হবে'।
সঠিকভাবে ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে হওয়া অনিয়ম ও দুর্নীতির বেশিরভাগই বন্ধ হয়ে যাবে বলেও মনে করেন সিইসি।
ইত্তেফাক/জেডএইচডি

