ঢাকায় শুক্রবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৩:২৬

আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী তিনদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইত্তেফাক/এমআরএম