মঙ্গলবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০১৯, ১৬:২৯

ত্রিদেশীয় সফরে মঙ্গলবার (২৮ মে) ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১২ দিনের এ সফর প্রধানমন্ত্রী প্রথমে জাপান, এরপর সৌদি আরব ও শেষে ফিনল্যান্ডে যাবেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর হেনিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দেবেন। সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে'র সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানে তার সম্মানে বাংলাদেশি কমিউনিটির দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়াও তিনি হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন:  সিএন্ডএফ কর্মচারী আটক, ভোমরা বন্দরে শ্রমিকদের কর্মবিরতি

জাপানের সফর শেষ করে শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স্) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী পবিত্র উমরাহ পালন করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। একই দিন স্থানীয় সময় দুপুর ১টায় তিনি ফিনল্যান্ডের হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

ইত্তেফাক/জেডএইচডি