মৌসুমী নিম্নচাপ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ অতিক্রম করছে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২০

উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ অতিক্রম করছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার দুপুরে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল (বালেশ্বরের নিকট দিয়ে) অতিক্রম করেছে বলে আবহাওয়া অফিস জানায়।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, মৌসুমী গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দম্কা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মৌসুমী গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

মৌসুমী গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, দেশের সব প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।সব নদীর পানি সমতল আজ বিপদসীমার নিচে রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বৃহস্পতিবার

বর্তমান সরকার ১ জুলাই থেকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ২৮ হাজার ৬৫০ মেট্রিক টন চাল, ৪ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা,১ লাখ ১৮ হাজার কার্টন শুকনা খাবার,৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৭০০ বান্ডিল ডেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৪১ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে। বাসস

ইত্তেফাক/কেকে