ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সরকারের বৈঠকের বিষয়ে জনগণকে অবহিত করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোন দেশের সঙ্গে কোন বিষয়ে বৈঠক হলো সে সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব। কিন্তু আগে এমন অনেক চুক্তি হয়েছে যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা আশা করব, সরকার দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে এবং জনগণকে সব বিষয় অবহিত করবে।
গতকাল বুধবার শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্রনীতি অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়াটাই উত্তম বলে মনে করে বিএনপি। জোর করে হোক আর যেভাবেই হোক বর্তমানে সরকারে যারা আছেন, তাদের উচিত দেশের স্বার্থে কাজ করা।
আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করার জন্য জিয়াউর রহমানকে নিয়ে বিকৃত বক্তব্য দিচ্ছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ওবায়দুল কাদের একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তার বক্তব্য মানুষের কাছে এখন হাসির খোরাক হিসেবে পরিচিতি লাভ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সহসভাপতি গোলাম সরোয়ার প্রমুখ।
ইত্তেফাক/এমআর

